যশোর অফিস :
যশোরে দুর্নীতি মামলায় সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক রেকর্ড কিপার আব্দুল হালিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (পহেলা নভেম্বর) ভলিয়ম জালিয়াতির অভিযোগে তার জামিন বাতিল করে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আব্দুল হালিম শহরতলীর শেখহাটির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরের হাজী আব্দুল করিম সড়কের মৃত আহম্মদ আলী সরদারের ওয়ারেশদের সাথে বেজপাড়া পিয়ারী মোহন রোডের মৃত আবুল কাশেমের ওয়ারেশদের একটি দেওয়ানি মামলা চলছিলো যুগ্ম জেলা জজ আদালতে। এ মামলায় একটি সার্টিফাইড দলিল সরবরাহ করা হয় আদালতে।
দলিলটি জাল সন্দেহে আহম্মদ আলী সরদারের ওয়ারেশদের পক্ষে কিসমত নওয়াপাড়ার সাজেদ জাহাঙ্গীর দুর্নীতির অভিযোগে জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। মামলায় বেজপাড়া পিয়ারী মোহন রোডের মৃত আবুল কাশেমের চার ছেলে, সাব-রেজিস্টার, রেকর্ড কিপার, নকলকারক ও পাঠক এবং নকলনবীশকে আসামি করা হয়।
আদালতের আদেশে দুদক অভিযোগে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিটে মৃত আবুল কাশেমের ছেলে আবুল ফজল সিদ্দিক, সাবেক রেকর্ড কিপার আব্দুল হালিম, নকলনবীশ নার্গিস পারভীন ও নুরজাহানকে অভিযুক্ত করা হয়। মামলাটি বর্তমানে জেলা ও দায়রা জজ আদালতে বিচারকধীন।
সোমবার (পহেলা নভেম্বর) মামলাটির ধার্য দিনে আসামি আব্দুল হালিম আদালতে হাজির ছিলেন। এদিন সাব-রেজিস্ট্রি অফিসের সরবরাহকৃত দলিলের ভলিয়াম পরীক্ষা করে দেখা হয়। এতে জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসমি আব্দুল হালিমের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
