জাতীয় ডেস্ক :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সামগ্রিকভাবে সাধারণ মানুষের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে মঙ্গলবার (১৯ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনোজ পান্ডে দুই দেশের মধ্যে চলমান সামরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।
যুদ্ধের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমনকি যুক্তরাষ্ট্র সরকারও সে দেশের জনগণকে বার্তা পাঠিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে বলছে। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রসহ সবাই দুর্ভোগের সম্মুখীন হচ্ছে।
বৈঠকে সরকারপ্রধান বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি তুলে ধরে বলেন, আসাম, মেঘালয় ও অরুণাচল রাজ্যে অতিবৃষ্টির কারণে এটি ঘটেছে। যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ভারতের সঙ্গে এক হয়ে কাজ করতে প্রস্তুত রয়েছে।
শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র্য দূর করা এবং এ অঞ্চলের জনগণের অবস্থা দূরীকরণে একসঙ্গে কাজ করা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত সরকার, দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে বৈঠকের কথা প্রধানমন্ত্রীকে জানান ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।
বৈঠকে মনোজ পান্ডে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এটি এমন এক ত্যাগের প্রতীক, যা নতুন প্রজন্মকে দেশকে ভালোবাসতে অনুপ্রাণিত করবে।
