সংকল্প ডেক্স :
মুজিববর্ষের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদে বিশেষ খাবার বিতরণ করা হয়েছে। রাতের খাবার হিসেবে বুধবার (১১ নভেম্বর) এগুলো বিতরণ করা হয়। সংসদের বিশেষ অধিবেশনের আজকের বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলতে পারে বলে এসব খাবার বিতরণ করা হয়। এমপি থেকে শুরু করে সেখানে দায়িত্বরত সংসদের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে ৯ নভেম্বর সন্ধ্যায়। স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা ৬ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এটি চলমান একাদশ সংসদের দশম অধিবেশন।
পরদিন বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার জন্য জাতীয় সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু’র আদর্শে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বাংলাদেশ। এখন বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা চলছে।
বুধবার বঙ্গবন্ধুর উপর আলোচনার জন্য ২১ জন এমপি তালিকাভুক্ত হয়েছেন। সন্ধ্যায় শুরু হওয়া অধিবেশনে ইতোমধ্যে বর্ষীয়ান সংসদ সদস্য শেখ ফজলুল হক সেলিম, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হকসহ অনেকেই বক্তব্যই রেখেছেন। তালিকায় আরো অনেকে রয়েছেন।
সংসদের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন জাগো নিউজকে বলেন, বিশেষ অধিবেশন উপলক্ষে আমরা রোস্টার অনুযায়ী কাজ করছি। সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাবার বিতরণ করা হয়েছে।
সংসদের আরেক কর্মকর্তা মোহাম্মদ হাসান জাগো নিউজকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে অধিক রাত্রি পর্যন্ত দায়িত্বপালন করার কারণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার খাদ্যসামগ্রী পেয়েছি।
