জাতীয় ডেস্ক :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় হায়াতুল্লাহ হায়াতুল (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত হায়াতুল ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার তারাইকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্ত্রী রোমালা আক্তার ও ৫ সন্তান নিয়ে থাকতেন কুড়িল মৃধাবাড়ি এলাকায়। তিনি নিজেও পেশায় প্রাইভেটকার চালক ছিলেন।
নিহতের চাচাতো ভাই আলী হোসেন জানান, বসুন্ধরায় আবাসিক এলাকায় ব্যক্তি মালিকানাধীন প্রাইভেটকার চালানো হায়াতুল। বিকেলে মালিকের বাসায় প্রাইভেটকারটি রেখে নিজের বাইসাইকেল নিয়ে কুড়িলের বাসায় ফিরছিলেন। তখন বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়েছে বলে শুনতে পেরেছেন তিনি। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে ভর্তির পর কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পরই তার মৃত্যু হয়। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
