জাতীয় ডেস্ক :
আজ ১৭ মার্চ, অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন। করোনা পরিস্থিতির কারণে বইমেলা আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় একটু দেরীতে হলেও পুরো একমাসই চলল বইমেলা।
বাংলা একাডেমির হিসেবে, চলতি বছর মেলায় প্রায় ৫২ কোটি ৫০ লাখ টাকার কেনা-বেচা হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১ কোটি ২৭ লাখ টাকার। তবে ২০২১ সালে বইমেলায় মোট কেনা-বেচা হয়েছিল ৩ কোটি টাকার। সেই হিসেবে গত বছরের তুলনায় এবার সাড়ে ১৭ গুণ বেশি টাকার কেনা-বেচা হয়েছে।
এছাড়া এবার মোট বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি। এর মধ্যে ‘মানসম্পন্ন’ বই নির্বাচিত হয়েছে ৯০৯টি। যা পুরো বইয়ের ২৬ শতাংশ। ২০২০ সালে এ হার ছিল ১৫ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার শেষ দিনে এসব তথ্য জানান বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ।
এদিকে, মেলায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, এবারের মেলা স্থগিত হয়ে গিয়েছল মূলত। সিদ্ধান্ত হয়ে গিয়েছিল মেলা হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১৫ তারিখ মেলা শুরু হয়। শঙ্কার মধ্য দিয়ে মেলা সফল হয়েছে
মন্ত্রী বলেন, আমার ধারণা মেলায় অন্তত ১০০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। কিন্তু প্রকাশকেরা সত্য বলতে চান না। সত্য বললে ভ্যাট, ট্যাক্স দিতে হবে তাই।
এ সময় সংস্কৃতি সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
