হোম আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ‘অবৈধ অভিবাসীদের পালানোর’ ভিডিও ভুয়া

পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ‘অবৈধ অভিবাসীদের পালানোর’ ভিডিও ভুয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 72 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর ঢাকা ও দিল্লির কর্তাব্যক্তিদের মধ্যে ‘অবৈধ অভিবাসী’, ‘পুশ ব্যাক’ প্রসঙ্গে পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেই বাংলাদেশ ও বাংলাদেশিদের নিয়ে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে ভুয়া ভিডিও।

ইন্টারনেটে ছড়িয়ে পরা বেশ কিছু ভিডিওতে দাবি করা হচ্ছে, বিজেপির জয়ের পর পশ্চিমবঙ্গে থাকা ‘মুসলিম অভিবাসীরা’ দলে দলে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে।

ইন্ডিয়া টুডে তাদের ‘ফ্যাক্ট চেক’ অনুসন্ধানে বলেছে, যেসব ভিডিও ছড়ানো হচ্ছে তার সবকটিই পুরনো এবং এর মধ্যে একটি ভিডিও আসলে বাংলাদেশের।

ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া এরকম দুটি ভিডিওর সত্যতা উন্মোচন করেছে ইন্ডিয়া টুডের ফ্যাক্ট চেক বিভাগ।

একটি ভিডিওতে দেখা গেছে, শত শত মানুষ ব্যাগ হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকের পরনেই পাঞ্জাবি এবং মাথায় সাদা গোল টুপি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহারকারী এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির অভাবনীয় জয়ের পর এক নতুন প্রবণতা দেখা যাচ্ছে। সব বাংলাদেশি ইসলামপন্থিরা এখন দ্রুত নিজ দেশে ফিরে যাচ্ছে।”

অথচ ভিডিওটিতে দ্বীপ ঘোষ নামে একটি ছেলেকে বলতে শোনা যায়, ভিডিওটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনান এলাকার। ভিডিওতে সে ব্যাখ্যা করে কীভাবে, গত তিন দিন ধরে সারা বিশ্ব থেকে মুসলমানরা সেখানে ‘বিশ্ব ইজতেমা’য় যোগ দিতে আসছেন।

এই সূত্রের ওপর ভিত্তি করে ইন্ডিয়া টুডে ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের ইংরেজি দৈনিক ‘দ্য স্টেটসম্যান’ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। তাদের খবর অনুযায়ী, হুগলির দাদপুর থানার পুইনানে গত জানুয়ারি ওই ইজতেমা হয়েছিল। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ইসলামিক জমায়েত, যেখানে ৫০ লাখ থেকে কোটি মানুষের সমাগম হয় বলে অনুমান করা হয়।

সে সময় এই ইজতেমা নিয়ে আনন্দবাজার পত্রিকা, এই সময় পত্রিকাও প্রতিবেদন প্রকাশ করেছিল। ৩২ বছর পর পুইনানে ৬০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ওই ইজতেমা হয়েছিল।

ইন্ডিয়া টুডে লিখছে, কি-ফ্রেমগুলো রিভার্স-সার্চ করে তারা ভিডিওতে দেখা যাওয়া দীপ ঘোষের একটি ইনস্টাগ্রাম পোস্ট খুঁজে পায়, যা ৫ জানুয়ারি শেয়ার করা হয়েছিল। ছেলেটি সেই পোস্টে স্পষ্ট বলেন, ভিডিওটি ২০২৬ সালের বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মানুষের।

এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ভিডিওটি বিজেপির জয়ের পর বাংলাদেশি অভিবাসীদের পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর দৃশ্য নয়।

ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, সাদা টুপি পরিহিত বিপুল সংখ্যক মানুষ ব্যাগ নিয়ে এক জায়গায় জড়ো হয়েছেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “পশ্চিমবঙ্গের রেল স্টেশনগুলোতে প্রচণ্ড ভিড়… নির্বাচনের ফলাফল দেখার সাথে সাথেই অনুপ্রবেশকারীরা নিজেরাই বাংলা ছেড়ে বাংলাদেশের দিকে পালাতে শুরু করেছে।”

ভিডিওটির কি-ফ্রেমগুলো রিভার্স-সার্চ করে ইন্ডিয়া টুডে দেখেছে, সেটি গত বছর ৩০ নভেম্বর ‘লঞ্চ ক্যাপচার’ নামে একটি বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। সেই পোস্ট অনুযায়ী, ভিডিওটি চরমোনাই মাহফিল শেষে শত শত মানুষের নৌকায় ওঠার দৃশ্য।

সংবাদমাধ্যমটি ভিডিওটির আরেকটি সংস্করণও খুঁজে পায়; যেখানে লোকজনকে স্পষ্টই নদীতে নৌকায় উঠতে দেখা যাচ্ছে। ভিডিওতে কিছু ভবনও দৃশ্যমান। তারা ভিডিওটির ‘জিও-লোকেশন’ বা ভৌগোলিক অবস্থান যাচাই করে নিশ্চিত করেছে যে, এটি বাংলাদেশের চরমোনাইয়ের রাশিদিয়া কামিল মাদ্রাসার কাছে আল-করিম জামে মসজিদের আশেপাশে ধারণ করা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন