হোম জাতীয় চট্টগ্রাম বিআরটিএ থেকে ২১ দালাল আটক

জাতীয় ডেস্ক :

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। যানবাহনের লাইসেন্স তৈরি থেকে শুরু করে বেশিরভাগ কাজই নিয়ন্ত্রণ করতো এ দালাল চক্রটি।

দালালদের দৌরাত্ম্যের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে রোববার (১৩ জুন) দুপুরে অভিযান চালায় র‌্যাব। এসময় ২১ দালালকে আটক করা হয়।

উদ্ধার করা হয়েছে নানা কাগজপত্রও। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে সরে পড়েন অনেকেই। আটককৃতদের বিরুদ্ধে বিআরটিএ কার্যালয়ে আসা সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বহু লোক অভিযোগ করতেছিল যে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত তাদের কাছ থেকে এসব দালাল আদায় করছিল অবৈধভাবে।

ভুক্তভোগীদের অভিযোগ, দালাল চক্রের হাতে পুরো বিআরটিএ জিম্মি হয়ে পড়েছে। সেবা পেতে সরকার নির্ধারিত ফি’র চেয়ে ১০ গুণ বেশি টাকা খরচ করতে হয় তাদের।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বললে তারা জানান, বিভিন্ন সেবায় সরকারি নির্ধারিত ফিসের দশগুণ পর্যন্ত টাকা নিলেও কাজ করছে না। আরেক ভুক্তভোগী বলেন, দশ বছর ধরে তার কাছ থেকে মো. কবীর নামে এক দালাল ঘোরাচ্ছে। তার টাকাও ফেরত দিচ্ছে না, কাজও করছে না।

এদিকে, বিআরটিএ কমকর্তাদের দাবি আটককৃতরা সবাই বহিরাগত।

চট্টগ্রাম বিআরটিএ সহকারী পরিচালক তৌহিদ হোসেন বলেন, আটক দালালদের কেউই আমাদের অফিসের লোক না, আমাদের স্টাফ না। আমি যতটুকু শুনেছি, এরা সবাই বহিরাগত।

অভিযোগ রয়েছে, পুরো বিআরটিএ কার্যালয়ে ১শ’র বেশি দালাল সক্রিয় রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন