জাতীয় ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জে স্কুলছাত্র শাহরিয়ার রহমান শিহাব হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তার তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৪ জুলাই রাতে নিখোঁজ হয় সুন্দরগঞ্জের পূর্ব বেলকার আনিছুর রহমানের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র শাহরিয়ার রহমান শিহাব। ছেলের সন্ধান চেয়ে সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন আনিছুর। ১৫ জুলাই বিকেলে তিস্তা নদীর লাল চামার খেয়াঘাটে শিহাবের মরদেহ পাওয়া যায়।
পুলিশ সুপার জানান, টাকা আদায়ের উদ্দেশ্যে শিহাবকে অপহরণ করা হয়। তবে শিহাবের অভিভাবকের কাছে টাকা দাবি করার আগেই পরিস্থিতিতে পড়ে শিহাবকে হত্যা করে সুন্দরগঞ্জে তিস্তা নদীতে ফেলে দেয়া হয়।
তিনি জানান, প্রযুক্তির সাহায্যে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে মঙ্গলবার (১৯ জুলাই) রাতে ঘটনার সঙ্গে জড়িত দশম শ্রেণির ছাত্র রাজ্জাক, জিন্নাহ ও বাদশাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বন্ধুদের স্বীকারোক্তিতে প্রেস কনফারেন্সে অপহরণ ও হত্যার ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার।
