আন্তর্জাতিক ডেস্ক :
এবার যশ দাশগুপ্তের সঙ্গে কলকাতা পৌরসভা অফিসে গিয়েছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত রায় চৌধুরীর রুমে দেখা গেছে তাদের। এখান থেকে নবজাতকদের প্রশংসাপত্র দেওয়া হয়। পরে তারা পৌর প্রশাসক ববি হাকিমের রুমে যান।
এমন তথ্যই প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা। তবে হঠাৎ কেন একসঙ্গে পৌরসভা অফিসে হাজির হলেন যশ-নুসরাত তা এখনও জানা যায়নি। এ নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছে টালিপাড়ায়। নানা প্রশ্ন জন্ম দিয়েছে নেটিজেনদের মনে।
অনেকের ধারণা, পুত্র ঈশানের জন্য প্রশংসা পত্র নিতেই সেখানে গিয়েছেন তারা। যদিও যশ জানিয়েছেন, করোনার টিকা নিতে গিয়েছিলেন তিনি।
এদিকে সম্প্রতি সন্তানে বাবা প্রসঙ্গে মুখ খুলেছেন নুসরাত। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সন্তানের বাবাই জানে, বাবা কে।’ এরপর তিনি জানান, মাতৃত্ব উপভোগ করছেন। যশের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন।
স্বামী নিখিলের কাছ থেকে আলাদা হওয়ার পর নুসরাতকে সঙ্গ দিচ্ছেন যশ। একসঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা গেছে তাদের। অন্তঃসত্ত্বা অবস্থায়ও পার্ক স্ট্রিস্টের রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে যশ-নুসরাতকে। এমনকি সন্তান জন্মদানের সময়ও নুসরাতের ইচ্ছায় তার পাশে ছিলেন যশ। নবজাতককে নিয়ে বাড়িতেও ফিরেছেন যশেরই সঙ্গে।
অন্যদিকে সন্তান জন্মের ১২ দিনের মাথায় কাজে ফিরছেন তিনি। বুধবার (৮ সেপ্টেম্বর) একটি ইভেন্টে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। তার আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার চোখ আমার ওপর অনিচ্ছাকৃতভাবে পড়ে।’ অভিনেত্রীর শেয়ার করা ছবিতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা।
রাজা সরকার লিখেছে, ‘বোগাস’। তার নিচেই একজন লিখেছেন, ‘কিলার লুক’। কেউ কেউ আবার লাভ ইমোজি দিয়ে ভরিয়ে ফেলেছেন কমেন্টস বক্স।
মা হয়ে আলোচিত নুসরাত। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দিয়েছেন এ নায়িকা। হাসপাতাল ছেড়ে সন্তানের নাম জানিয়েছেন এ অভিনেত্রী। ছেলে নাম রেখেছেন ‘ঈশান’।
