হোম আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধে ফেসবুকের প্রশ্নবিদ্ধ অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেন যুদ্ধ ঘিরে যে তথ্যযুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায়। তাতে আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ মেটার একটি পদক্ষেপ। নীতিমালা শিথিল করে রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষমূলক কনটেন্ট পোস্ট করার সুযোগ দিয়েছে। এতে ফেসবুককে চরমপন্থি সংগঠন হিসেবে অভিহিত করে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করেছে মস্কো। শুধু তাই নয়, মামলাও হয়েছে দেশটির আদালতে।

সহিংসতাবিরোধী নীতিমালা শিথিলের ঘোষণা দিয়েছে মেটা। তবে এটা শুধু প্রযোজ্য রাশিয়া ও তার মিত্রদের বিরুদ্ধে। আপলোড করা যাবে ‘রাশিয়ার আগ্রাসীদের ধ্বংস হোক’ এ ধরনের পোস্ট। এত দিন যাকে বিদ্বেষমূলক হিসেবেই বিবেচনা করত ফেসবুক।

ফেসবুকের এই অবস্থানে ক্ষুব্ধ মস্কো ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করেছে দেশটিতে। পাশাপাশি প্যারেন্ট প্রতিষ্ঠান মেটাকে চরমপন্থি সংগঠন হিসেবে অভিহিত করে মামলাও হয়েছে রাশিয়ার আদালতে। দেশটিতে ফেসবুকের ৭৫ লাখ ও ইনস্টাগ্রামের ছয় কোটি ব্যবহারকারী রয়েছেন।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ফেসবুকের এমন অবস্থানে প্রশ্ন উঠছে ফেসবুকের এই পদক্ষেপ কতটা নৈতিক।

ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক ডায়ালগসের হেড অব ডিজিটাল অ্যানালাইসিস মেলানি স্মিথ বলেন, এটা মেটার ভুল পদক্ষেপ। নিজেদের প্ল্যাটফর্মে তারা অনেক আগে থেকেই হেট স্পিচ বা সহিংসতা নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু এই পদক্ষেপ তাদের এত দিন ধরে মেনে চলা আদর্শের লঙ্ঘন। ইউক্রেনে সংঘাতের পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। এ ধরনের আকস্মিক সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদি ফলাফল বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মেটার এই নীতিমালা চলমান সংকটে ইউক্রেনের বদলে রাশিয়ার প্রতি উল্টো সহানুভূতি তৈরি করতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এই নীতিমালার পরিবর্তন ইউক্রেন সংকটে গুরুতর প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন