হোম জাতীয় আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়

জাতীয় ডেস্ক :

ভরা বর্ষায় খরায় পুড়ছে কৃষি নির্ভর জেলা দিনাজপুরের জনপদ। আবাদি জমি ফেটে চৌচির। এতে আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বাধ্য হয়ে অনেকে শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি সেচ দিচ্ছেন।

দিনাজপুর জেলায় এবার দুই লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ২৫ হাজার হেক্টর জমিতে। বৃষ্টির অভাবে আবাদ বাধাগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে কৃষি বিভাগ।

জানা গেছে, আষাঢ় পেরিয়ে চলছে শ্রাবণ । বৃষ্টির দেখা নেই। এ সময় জলমগ্ন থাকার কথা কিন্তু উল্টো চিত্র। বৃষ্টির অভাবে জমিতে নেই পানি। খরায় পুড়ছে হাজার হাজার হেক্টর জমি। তাপমাত্রা ওঠানামা করছে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ অবস্থায় আমন চারার বয়স পেরিয়ে যেতে শুরু করলেও জমিতে পানির অভাবে আমন রোপণ করতে পারছে না কৃষক। বীজতলা করা হয়েছে ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে।

খরায় বীজ তলার হলুদ রঙ ধারণ করেছে। বিকল্প সেচ ব্যবস্থার মাধ্যমে ৮ শতাংশ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। খরা, জ্বালানি ও শ্রমিকের বাড়তি মজুরির কারণে এবার আমন আবাদে উৎপাদন খরচ বেশি হবে বলে মনে করছেন কৃষকেরা।

বৃষ্টি নাই বাধ্য হয়ে শ্যালো মেশিন বসিয়ে আমন আবাদ করছেন কৃষক।

তবে বৃষ্টির অভাবে আমন আবাদ কিছুটা ব্যাহত হলেও লক্ষ্যমাত্রা পূরণে কোনো সমস্যা হবে না বলে জানান দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হক।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন