হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ১৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ জুন) দিনব্যাপী সীমান্তের বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণুপোনা এবং ৫০০ পিস নিষিদ্ধ সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৈকারী বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার চৌদলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেন। একই সময়ে হিজলদী বিওপির একটি দল কলারোয়ার বড়ালি এলাকা থেকে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট জব্দ করে।

এদিকে কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল সীমান্তবর্তী কেড়াগাছি ও শ্মশানঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে যথাক্রমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং ৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে। এছাড়া বাঁকাল চেকপোস্টের সদস্যরা কুলপোতা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ির রেণুপোনা জব্দ করেন।

বিজিবির হিসাব অনুযায়ী, দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ১৯ লাখ ১৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি ও মাদকজাতীয় পণ্য জব্দ করা হয়েছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, “সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য দেশে প্রবেশ করানো হচ্ছিল। চোরাচালান রোধ, রাজস্ব সুরক্ষা এবং দেশীয় শিল্পকে রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সীমান্তবাসীরাও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন