জাতীয় ডেস্ক :
রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই কিশোর আহত হয়েছেন। আহতরা হলো- মো. শাকিল (১৭) ও আরমান হোসেন (১৮)।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীতে ও মতিঝিলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত শাকিল জানায়, তার বাসা যাত্রাবাড়ীর কাজলায়। এলাকায় একটি পিতল কারখানায় কাজ করে সে। বিকেলে বাসা থেকে বের হয়ে সে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন কাজলা বরফ গলিতে স্থানীয় ৫-৬ জন কিশোর তাকে মারধর শুরু করে। ছুরি দিয়ে তাদের মধ্যে কেউ একজন শাকিলের পশ্চাদাংশে আঘাত করে তার মোবাইল ফোনটি হাতিয়ে নেয়।
সে আরও জানায়, আহত অবস্থায় দেখতে পেয়ে তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কী কারণে তাকে মারধর ও ছুরিকাঘাত করেছে তা জানে না বলে দাবি করে শাকিলের।
এদিকে আহত আরমান জানায়, তার বাসা ডেমরা সারুলিয়ায়। পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে সে। বিকেলে মতিঝিল আরামবাগ এলাকায় গিয়েছিল। আরামবাগ মসজিদের সামনে জীবন (২২) নামে এক যুবক তাকে দেখেই তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
সে জানায়, জীবন ভাঙারি টোকায়। এর আগেও তাকে কয়েকবার মারধর করেছিল সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত দু’জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাকিলের অবস্থা গুরুতর। শাকিলকে ছুরিকাঘাতের ঘটনায় হাসপাতাল থেকে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনা দুটি থানা পুলিশকে জানানো হয়েছে।
