হোম জাতীয় মিলাদ মাহফিলের পোলাও খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে

জাতীয় ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মসজিদে মিলাদ মাহফিলের পোলাও খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিন গ্রামের অর্ধ শতাধিক মানুষ।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় অসুস্থদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। পর্যাপ্ত বেড না থাকায় হাসপাতালের মেঝেতে অবস্থান করছেন অনেক রোগী।

উপজেলার বেলখুর গ্রামের আব্দুস সামাদ মণ্ডল ও মল্লিক বলেন, কিছুদিন আগে আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যায়। শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও তবারক হিসেবে পোলাও রান্নার আয়োজন করেন নিহতের পরিবার। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অর্ধ শতাধিক মানুষ ডায়রিয়া, বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী জানান, হঠাৎ করে শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বেড সংকটের কারণে সমস্যা দেখা দিয়েছে। ফুড পয়জনের কারণে এমনটা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন