জাতীয় ডেস্ক :
বিএনপির ওপর ক্ষোভ ঝাড়লেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বললেন, বৈঠকের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জানালেন, নির্বাচন নিয়ে কথা হয়নি। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয়টি নাকচ করেছেন জার্মান রাষ্ট্রদূত।
বুধবার (২০ এপ্রিল) ডিক্যাব আয়োজিত আলোচনায় এ কথা জানান তিনি।
গত ১৭ মার্চ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সিনিয়র নেতারা। দুই ঘণ্টার আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের সুশাসনের নানা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত।
বিএনপির এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আখিম ট্রোস্টার। ডিক্যাব আয়োজিত এক আলোচনায় তিনি দাবি করেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তাকে ভুলভাবে উপস্থাপন করেছেন।
আখিম ট্রোস্টার বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না জার্মানি। বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করার আগ্রহ নেই জার্মানির। বিএনপির সঙ্গে আমার যে বৈঠক হয়েছে, সেখানে বিএনপি নেতারা কেন নির্বাচনে অংশ নেয়নি বা নিতে চায় না সেই বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছে, এর বেশি কিছু না।
জার্মান রাষ্ট্রদূত বলেন, আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এটা সত্য নয়। এটা যদি আমার কথা হয়ে থাকে, আমি নিজেই আমার কথা বলতে পারি।
নির্বাচন সামনে রেখে গতবারের মত বিদেশি রাষ্ট্রদূতদের কোনো পর্যবেক্ষণ জোট এখনো তৈরি হয়নি বলে জানান আখিম ট্রোস্টার।
