হোম জাতীয় ‘পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন সময় টিভির উজ্জ্বল

জাতীয় ডেস্ক :

বিশ্ব জনসংখ্যা দিবসে টিভি ক্যাটাগরিতে পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছেন সময় টেলিভিশনের রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারের পরিবার পরিকল্পনা অধিদফতরের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসের জাতীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।’

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জনসংখ্যা ও সম্পদ এবং প্রাকৃতিক ভারসাম্যের ওপর জোর দিতে হবে। জনসংখ্যা বাড়লে কৃষি জমি কমবে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ অন্যান্য ক্ষেত্রেও চাপ তৈরি করবে।’

মন্ত্রী বলেন, ‘বাল্যবিয়ে রুখতে হবে। পরিবার পরিকল্পনায় আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু এবং বিভিন্ন ধরনের সংক্রমিত রোগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।’

অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল বলেন, পরিকল্পিত পরিবার গড়ে জনসংখ্যা বোঝা নয় জনসম্পদে পরিণত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানু। এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্রিস্টিন ব্লোকাস এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মো. খোরশেদ আলম। অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

আলোচনা শেষে থিম সং ও প্রামাণ্যচিত্র দেখানো হয়। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাতজনকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এর আগে পরিবার পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন