খেলাধূলা ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে তৃতীয় ও শেষ দফায় দেশে ফিরেছেন আরও পাঁচ ক্রিকেটার। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।
শেষ দফায় দেশে আসা পাঁচ ক্রিকেটার হচ্ছেন নাজমুল হাসান শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় এবং তাইজুল ইসলাম।
আগেই জানানো হয়েছিল টিকিট জটিলতায় একসঙ্গে ফেরা হচ্ছে না গোটা দলের। এর আগে বুধবার (২০ জুলাই) প্রথম দফায় ছয়জন দেশে ফেরেন। তাদের মধ্যে ২ জন ক্রিকেটারও ছিলেন। তারা হলেন- তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। এছাড়া ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট ও ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবালও দেশে ফিরেছেন একই ফ্লাইটে। সঙ্গে ছিলেন দুজন সাপোর্টিং স্টাফও।
এরপর বৃহস্পতিবার সকালে দেশে আসেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দলের সঙ্গে ফিরছেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ছুটি কাটাতে এ ওপেনার অবস্থান করছেন ইংল্যান্ডে।
চার দিনের বিশ্রাম শেষে দল উড়াল দেবে জিম্বাবুয়ের উদ্দেশে। আগামী ২৬ জুলাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে উড়াল দেবে দল। ৩০ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই। এর আগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ৩-০-তে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্ট আর টি-টোয়েন্টিতে অবশ্য পরাজয়ের বৃত্ত ভাঙা হয়নি টাইগারদের।
এদিকে শিগগিরই জিম্বাবুয়ে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথম দিকে ‘এ’ দলের বিষয়ে পরিকল্পনা করা হলেও প্রধান নির্বাচক নান্নু জানান, সেরা দলটাই খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এখনই পরীক্ষা-নিরীক্ষায় যেতে চায় না বাংলাদেশ। ক্যারিবীয় সফরে যাওয়া দলে থাকছে না খুব বেশি পরিবর্তন।
দল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে টি-টোয়েন্টি আর ওয়ানডে দল ঘোষণা করব। প্রথমে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ। তাই ২৬ জুলাই যাবে টি-টোয়েন্টি দল। আর ওয়ানডে দল দেশ ছাড়বে ৩০ জুলাই।’
