ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে দালালসহ ১৫ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি। সোমবার দিবাগত রাতে সীমান্তের যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাংগা গ্রামের পাকা রাস্তার ব্রীজের উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করার অপরাধে আটক করা হয়। আটককৃতদের বাড়ি নড়াইল, ফেনি, খুলনা, কুষ্টিয়া ও গোপালঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক মোঃ আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। আসাদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক মেইল বার্তায় বিষয়টি জানিয়ে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
