জাতীয় ডেস্ক :
সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকা ভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত হয়। ফলে গরমের মধ্যে অফিসে স্যুট-কোট না পরতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী পোশাক নিয়ে এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সচরাচর স্যুট পরলেও এদিন পাঞ্জাবি পরে আসেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানামন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন এবং অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।
এম এ মান্নান জানান, বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন।
সংকট মোকাবিলায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, দেশে এখন মৌলিক কিছু নিত্যপণ্যের দাম নিম্নমুখী হচ্ছে। ভোজ্যতেলের দাম নিম্নমুখী হচ্ছে, এটা এখন দৃশ্যমান। আগামীদিনে চালের মূল্যেও পরিবর্তন আশা করছি আমরা।
দেশের খাদ্য নিরাপত্তায় সরকার আগামী রোপা আমনের উপর গুরুত্ব দিচ্ছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। বলেন, এই মৌসুমে সরকার প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে সার ও বীজ এবং বড় কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার-বীজ বিতরণ করবে।
