হোম খেলাধুলা কে হবেন টি-টোয়েন্টির কাণ্ডারি?

খেলাধূলা ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগারদের ক্রমাগত ব্যর্থতা বিশ্বকাপের আগে ভাবাচ্ছে সমর্থকদের। দল তো বাজে খেলছেই, তার চেয়েও বাজে অবস্থা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটের। ক্রমাগত বাজে খেলে যাওয়া অধিনায়ক পারছেন না দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তাই চাপ বাড়ছে অধিনায়ক পরিবর্তনের। এদিকে, গুঞ্জন রয়েছে বিসিবি নিজেও ভাবছে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়ে।

গণমাধ্যমে খবর, অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে মোক্ষম প্রস্তুতি হিসেবে আসন্ন জিম্বাবুয়ে সফরের দলেই দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। এছাড়া দলের নেতৃত্বেও রদবদল আসতে পারে। গুঞ্জন রয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় সাকিব আল হাসানকে নেতৃত্ব দেয়া হতে পারে। তবে বিশ্বসেরা অলরাউন্ডার যদি দায়িত্ব নিতে না চান সেক্ষেত্রে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে বেছে নেয়া হতে পারে।

বিসিবির একজন পরিচালক একটি গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে টি-২০ দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে। নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসের? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।

তবে দলে পরিবর্তন কিংবা অধিনায়কত্বে রদবদল সবকিছুই নির্ভর করছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর। যদিও কয়েকদিন আগে মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পাপন জানিয়েছিলেন, অদূর ভবিষ্যতে নেতৃত্ব পরিবর্তন হচ্ছে কি না সেটা এখন বলা মুশকিল।

বলেন, ‘টি-টোয়েন্টিতে এই হুট করে একটা কিছু চেঞ্জ করলে যে আহামরি কোনো একটা চেঞ্জ আসবে, সে ব্যাপারে আমরা নিশ্চিত না। এটাও আমাদের লং টার্মের জন্য চিন্তা করতে হবে। হুট করে বলা মুশকিল। তবে যা-ই করি না কেন আমাদের অবশ্যই আলাপ করে নিতে হবে। এখনো তো টিমটা পুরোপুরি আসেইনি। ওরা আসুক আগে, আসার পরে আলাপ আলোচনা করে দেখব।’

নেতৃত্বের প্রশ্নে বিসিবি সভাপতি ‘ধীরে চলো’ নীতিতে হাঁটতে চান। তাই জানালেন খেলোয়াড়রা দেশে ফিরলে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে, অধিনায়কের সঙ্গে আলোচনা করে সমস্যা সম্পর্কে জানবেন।

তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তার নামটা আসছে কারণ ও রান পাচ্ছে না। আসল সমস্যাটা হচ্ছে এটাই। আসলে এটা একটা ইস্যু। ও এলে কথা বলব এটা নিয়ে ওর সঙ্গে। দেখি ও কী বলে। তবে আমার মনে হয় ও রান পেলেই সব ঠিক হয়ে যাবে।’ তবে প্রয়োজন হলে নিজের পারফরম্যান্স নিয়ে কাজ করতে তাকে ব্রেক দিতে আপত্তি নেই বিসিবির। নেতৃত্ব বদলালেই যে দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আসবে তাও বিশ্বাস করেন না তিনি।

তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল জিম্বাবুয়ে যাবে আগামী ২৬ জুলাই। ৩০ জুলাই এবং ১ ও ২ আগস্ট হবে টি-টোয়েন্টি ম্যাচ। ৫, ৭ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন