স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রবিবার রাতে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত সহকারী পুলিশ সুপার ( মনিরামপুর সার্কেল ) আশেক সুজা মামুন ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীনের সভাপতিত্বে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার (এএসপি) আশেক সুজা মামুন দেশ ও সমাজ থেকে মাদকমুক্ত ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।
দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভ‚মিকা রয়েছে। করোনা সংকট মোকাবিলায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ও ব্যাপক ভ‚মিকা। আমরা জনতার পুলিশ হতে চাই। সাধারণ মানুষ সরাসরি পুলিশের সেবা পাবেন। কেশবপুরকে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সহযোগিতা কামনা করেন তিনি।
আইন শৃংখলা অবনতির ঘটনার সাথে সম্পৃক্ততা থাকলে যতবড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান। তাছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন মোড়ে চায়ের দোকানে ক্যারাম বোর্ড ও টিভি উচ্ছেদ অভিযানের বিষয়ে পুলিশ অফিসারদের নির্দেশনা দেন। কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে ওসি বোরহান উদ্দীন বলেন,যার ছত্রছায়ায় থেকে কতিপয় যুবক অপরাধ কর্মকান্ড করছিল। তাকে জেলা পুলিশের উর্দ্ধতন কতৃপক্ষ ডেকে নিয়ে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছেন। এছাড়া শহর ও বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন মোড়ে চায়ের দোকানে ক্যারাম বোর্ড ও টিভি উচ্ছেদ অভিযান চলবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার ও আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ ও এম আব্দুল করিম, সাধারণ সদস্য হাজী রুহুল কুদ্দুস, দিলীপ মোদক, শাহীনুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, যশোর জেলা পুলিশের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) হিসেবে আশেক সুজা মামুন গত ০৭ জুন যোগদান করেছেন।
