হোম খেলাধুলা আইসিইউতে পেলে, প্রার্থনায় ভক্ত-সমর্থকরা

খেলাধুলা ডেস্ক :

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বর্তমানে আইসিইউতে আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই তারকা ফুটবলারের কোলনে টিউমার ছিল। কয়েক দিন আগেই অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে তা। তবে বাড়তি সতর্কতা হিসেবে আপাতত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত সপ্তাহ দুই ধরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। তবে কিংবদন্তি এই ফুটবলার দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জ্ঞান ফিরেছে পেলের। শারীরিক অবস্থাও স্থিতিশীল।’

এদিকে, পেলে যে সুস্থ আছেন, তা তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন ভক্ত সমর্থকদের। তিনি ইনস্টাগ্রামে মজা করে লেখেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরো সুস্থ হয়ে উঠছি। আবারো খেলতে নামব। তবে তার আগে আরো কিছুদিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’

হাসপাতালে থাকাকালীন তিনি কিভাবে সময় কাটাচ্ছেন, তাও জানিয়েছেন ব্রাজিল তারকা। তিনি লেখেন, ‘এই ক’দিন এখানে পরিপূর্ণ বিশ্রামে আছি। তবে হাসপাতালে থাকলেও পরিবারের সঙ্গেও কথা বলার সুযোগ পাচ্ছি। এ জন্য চিকিৎসকদের ধন্যবাদ।’

গত শনিবার তার শরীরে টিউমার ধরা পড়ে। তবে সেটা ক্যানসার কিনা তা জানা যায়নি। গত ২৯ আগস্ট থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

এদিকে, তার অসুস্থতায় শুভকামনা জানিয়ে বার্তা পাঠানোর জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পেলে। ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার কয়েক দিন আগে জানিয়েছিলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এরপর হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। তবে পেলের গুরুতর কিছু হয়নি বলে জানান পেলের বিজনেস ম্যানেজার জো ফ্রাগা। কিন্তু এই অসুস্থতার খবরে চিন্তায় পড়ে যান তার ভক্ত-অনুসারীরা।

তবে সফল অস্ত্রোপচারের পর সে চিন্তা কেটে গেছে। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে সুসংবাদ দিয়েছেন পেলে। ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‌’সবাইকে ধন্যবাদ জানাই আমার খোঁজ নেওয়ার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি এখন বেশ ভালো বোধ করছি। আমার ডাক্তারদের ধন্যবাদ জানাই, আমার প্রতি খেয়াল রাখার জন্য। গত শনিবার (৪ সেপ্টেম্বর) টিউমার অপসারণের জন্য আমার অস্ত্রোপচার করা হয়।‌’

ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ তারকাদের একজন পেলে। তার হাত ধরে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে তিনবার। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও তার করা। পেলের আন্তর্জাতিক গোল সংখ্যা ৭৭টি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন