হোম আন্তর্জাতিক শুধু চীনকে নিয়েই বিশেষ ইউনিট সিআইএর

আন্তর্জাতিক ডেস্ক :

শুধু চীনকে টার্গেট করে বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ‘সিআইএ’।

সংস্থাটির নতুন এই শাখার নাম চীনা মিশন সেন্টার। এর কাজ হবে শুধু চীনের বিভিন্ন হুমকির ওপর বিশেষ নজর রাখা। এই ইউনিট গঠনের মাধ্যমে ওয়াশিংটন-বেইজিং দ্বৈরথ চরম মাত্রা রূপ নিল।

তাইওয়ানের আকাশে ঝাঁকে ঝাঁকে বেইজিংয়ের যুদ্ধবিমানের মহড়ার মধ্যেই চরমে উঠেছে যুক্তরাষ্ট্র-চীন দ্বৈরথ। এখন শুধু তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দেওয়াতেই ক্ষান্ত নয় ওয়াশিংটন, চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে নতুন শাখা খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’।

সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস এই নতুন ইউনিটের কথা জানান। যুক্তরাষ্ট্রের জন্য চীন যেসব ক্ষেত্রে হুমকি সৃষ্টি করছে, সেসব মোকাবিলা করাই সিএমসির প্রধান কাজ বলে জানান তিনি। এর আগে, জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংয়ের সামরিক চ্যালেঞ্জ পর্যালোচনা ও মোকাবিলা করার জন্য পেন্টাগনে একটি নতুন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক মাস পরেই সিআইএর এই ঘোষণা এল।

এদিকে চীন-যুক্তরাষ্ট্রের যৌথ নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শুধু তাই নয়, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার পাশাপাশি তাদের সেনাদের প্রশিক্ষণ দেওয়া থেকে সরে আসতে বলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আমরা প্রতিবাদ করব। তবে দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের উচিত যৌথ নীতি মেনে চলা। তাদের উচিত তাইওয়ানকে সহযোগিতা করা থেকে বিরত থাকা।

গত কয়েক দিনে তাইওয়ানের আকাশে ফাইটার জেট আর গোয়েন্দা বিমানের একের পর এক মহড়ায় যখন চীন-যুক্তরাষ্ট্র দ্বৈরথ তুঙ্গে, তখন চুপ করে থাকেনি তাইওয়ানও। এমনকি তাদের তৎপরতা ঠেকাতে বেইজিংয়ের পার্লামেন্টে চীন-তাইওয়ানের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন