আন্তর্জাতিক ডেস্ক :
মস্কো এবং কিয়েভের মধ্যে চতুর্থ দফার শান্তি আলোচনা শুরু হয়েছে। সোমবার (১৪ মার্চ) স্থানীয় সময় সকালে ভার্চুয়াল ওই বৈঠকে যোগ দেন দুই দেশের প্রতিনিধিরা। দুই দেশের প্রতিনিধিদের চতুর্থ দফার বৈঠকের প্রথম দিনে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মস্কো-কিয়েভ।
শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। মুহুর্মুহু বোমা হামলায় কেঁপে উঠছে একেকটি ভবন। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একেকটি আবাসিক এলাকা। সোমবারও (১৪ মার্চ) রাজধানী কিয়েভের বিভিন্ন আবাসিক এলাকা ও অন্যান্য স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে, বেশ কয়েকজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিন, কিয়েভের উত্তরাঞ্চলে অবস্থিত আন্তোনোভ বিমান বন্দরের কাছেও বোমা হামলা চালানো হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মারিওপোলে মানবিক বিপর্যয় নেমে এসেছে। শহরটির যেদিকে চোখ যায় কেবল ধ্বংস্তূপ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন। তীব্র ঠান্ডা ও পানি সঙ্কটসহ দুর্বিসহ জীবন কাটাচ্ছেন অঞ্চলটির বাসিন্দারা।
এরমধ্যেই, রুশ অভিযান প্রতিহতের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনারা। সবশেষ একদিনে বেশ কয়েকটি রুশ বিমান ভূপাতিত করারও দাবি করেছেন তারা। তবে, চলমান যুদ্ধে আবারও পশ্চিমাদের সহযোগিতা কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোল্যান্ড সীমান্তবর্তী ঘাঁটিতে রুশ হামলার বিষয়েও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেন তিনি।
জেলেনস্কি বলেন, ইউক্রেনের আকাশকে রুশ বিমান চলাচলের জন্য দ্রুত বন্ধ ঘোষণা করতে হবে। নয়ত অদূর ভবিষ্যতে রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত দেশেও আঘাত হানতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।
এর অগে সংকট নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দু’দেশের মধ্যে ৩ দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া তুরস্কে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যেও একটি আলোচনা হয়। তবে বৈঠকগুলো থেকে কার্যত কোনো সিদ্ধান্ত আসেনি।
সিএনএন জানিয়েছে, ইউক্রেনে চলমান রুশ সেনা অভিযানে দ্রুত সফলতা পেতে চীনের সামরিক সহায়তা চেয়েছে মস্কো। হোয়াইট হাউজ জানিয়েছে, চীন রাশিয়াকে সামরিক কিংবা আর্থিক সহায়তা দেয় কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মস্কোকে সম্ভাব্য সহায়তা বন্ধে বেইজিং এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছে ওশিংটন।
