জাতীয় ডেস্ক :
বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। রোববার (৩১ অক্টোবর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।
সোমবার (০১ নভেম্বর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সূত্র বিষয়টি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৮ সালের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আদমদিঘীর পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা ও গণহত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহতহ্যা এবং ১৯টি বাড়ি অগ্নিসংযোগ করে ধ্বংসেরও অভিযোগ রয়েছে।
দেশ স্বাধীনের পর ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি হন। এরপর বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আসেন। চার দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন আবদুল মোমিন। তিনি ২০০১ ও ২০০৮ সালে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
