কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে দুই ভূয়া সাংবাদিক পরিচয়ধারী সাড়ে ৬৭ কেজি গাঁজাসহ একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকার আটক করেছে র্যাব। আটকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আহমেদাবাদ এলাকার আব্দুল আউয়ালের ছেলে মোঃ মোরশেদ মিয়া (৩১), ও একই জেলার সদর থানার মধ্যপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে মোঃ শামীম (২৭)।
বৃহস্পতিবার রাত ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের আজ শুক্রবার বেলা ১১.৩০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় ঢাকা- সিলেট মহাসড়কের দুজর্য় মোড় এলাকায় র্যাবের নিয়মিত টহলের সময় বেসরকারি টেলিভিশনের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আটক করার পর তারা তাদের টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দেয়। তাদের কাছে আইডি কার্ড চাওয়া হলে তারা কোন আইডি কার্ড দেখাতে পারেনি।
পরে তাদের আটককৃত গাড়িটি তল্লাশি চালিয়ে প্রাইভেটকারটির পিছনে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় টিভি চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকার ও দুই ভূয়া সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই চক্রটি নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সড়ক পথে রাজধানী শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
