হোম ফিচার ভুট্টা ক্ষেতে নবজাতকের কান্না!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কান্নার আওয়াজ শুনে করিমগঞ্জ উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। গত ১৬ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদের মালিবাড়ী মোড় প্রধান সড়কের পাশের একটি ভূট্টা ক্ষেত থেকে রক্তমাখা অবস্থায় ওই কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, নবজাতক শিশুটির কান্নার আওয়াজ শুনে ভুট্টা ক্ষেত থেকে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে। পরে পার্শ্ববর্তী বাড়ির কদবানু নামে এক গৃহবধূ শিশুটির পরিচর্যার দায়িত্ব নেন।

বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান।

এরপর উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল আলমের তত্ত্বাবধানে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির শারীরিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তসলিমা নূর হোসেন জানান, শিশুটির নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য উপজেলা শিশু কল্যাণ পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন