হোম খুলনাসাতক্ষীরা ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

ব্র্যাক ডেইরি উদ্যাগে সাতক্ষীরায় আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা 

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি” এই  স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুগ্ধ খামারকে লাভজনক ও টেকসই করতে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন।
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মাহাবুব হাসান সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ তুহিন সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর,জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত,সাতক্ষীরা এরিয়া ম্যানেজার মোঃ সোহেল রানাসহ আরো অনেকে।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে লাভজনক দুগ্ধ খামার গড়ে তুলতে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ খামারিদের দক্ষতা বাড়াবে এবং উৎপাদন খরচ কমিয়ে আয় বৃদ্ধি করতে সহায়তা করবে।
প্রশিক্ষণে প্রধান অতিথি সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মুবিন তার বক্তব্যে বলেন, খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গাভী নির্বাচন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক ও প্রযুক্তি নির্ভর গবাদিপশু লালন পালন করে উন্নত ও লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন।
এছাড়াও প্রশিক্ষণে অন্যান্য আলোচকরা বলেন, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রোডাক্টের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খামারিরা সহজেই আধুনিক পদ্ধতিতে গরু পালন করতে পারছেন। সঠিক সময়ে টিকা প্রদান, পরিচ্ছন্ন গোয়ালঘর, সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের মাধ্যমে গাভীর দুধ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। খামার পরিচালনায় উন্নত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নিয়মিত রোগ নির্ণয় ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবমুখী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রোডাক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। প্রশিক্ষণটিতে সাতক্ষীরা জেলার প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন