হোম খেলাধুলা ফর্মে ফিরেছেন সাব্বির, করলেন সেঞ্চুরি

খেলাধূলা ডেস্ক :

ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) সুপার লিগ পর্বের আগে ২০০ রান করেছিলেন সাব্বির রহমান। তার ছিল না কোনো ফিফটিও। সুপার লিগের প্রথম ম্যাচে সোমবার (১৮ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে শতক হাঁকিয়েছেন তিনি। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১১১ বলে ১২৫ রান।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নামার পর মাশরাফী বিন মোর্ত্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ ৩৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। এরপর দলের হাল ধরেন সাব্বির রহমান। ৫৪ বলে হাফসেঞ্চুরি করার পর ৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তাকে আউট করেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেন চিরাগ জানি। তবে আক্ষেপ রেখেই মাঠ ছাড়তে হয় তাকে। অপরাজিত থাকলেও শেষ পর্যন্ত আর শতক পূর্ণ করতে পারেননি তিনি। ৬৬ বলে ৪ চার ও ৭ ছয়ে করেছেন ৯৫ রান। বাকিদের মধ্যে নাঈম ইসলাম ৩৩, মাশরাফী ১৭ ও রাকিবুল হাসান ১৬ রান করেন।

সাব্বিরের শতক ও চিরাগ জানির ৯৫ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রানের সংগ্রহ পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টাইগার্সের হয়ে ২টি উইকেট নেন মুকিদুল। নাসুম, ফরহাদ রেজা ও শরিফুল্লাহ শিকার করেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে মার্শাল আইয়ুবের রূপগঞ্জ টাইগার্স। ১৬ রান করে জাকির হাসান, ১০ রান করে আজমির আহমেদ আউট হয়েছেন। ৮ রান নিয়ে আসিফ আহমেদ ও শূন্য রান নিয়ে ফরহাদ ব্যাট করছেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন