নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা বাস–মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে জেলা শহরে এক বিশাল ও বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পুরাতন বাস টার্মিনাল এলাকায় মালিক ও শ্রমিকদের উদ্যোগে এই আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। পরে মিছিলটি পুনরায় পুরাতন বাস টার্মিনাল চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে পরিবহন চালক, সহকারী, কাউন্টার প্রতিনিধি, সাধারণ মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বিগত কমিটির তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জোরপূর্বক মালিক সমিতি দখল করে রেখেছিল, তারা নড়াইলের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও সিন্ডিকেট তৈরি করেছিল। সাধারণ মালিক ও শ্রমিকদের জিম্মি করে প্রতিদিন বিপুল পরিমাণ অবৈধ চাঁদা আদায় করা হতো, যার কোনো বৈধ হিসাব–নিকাশ বা অডিট ছিল না।” বক্তারা আনন্দ প্রকাশ করে বলেন, আজ এই সৎ ও যোগ্য নতুন কমিটির আত্মপ্রকাশের মধ্য দিয়ে নড়াইলের পরিবহন খাত সব ধরনের অবৈধ চাঁদাবাজি, সিন্ডিকেট ও নৈরাজ্য থেকে চূড়ান্ত মুক্তি পেল।
এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক পত্রে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব দেলোয়ার হোসেন সভাপতি এবং আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
কমিটির অন্যান্য পদের মধ্যে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন। সহ–সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জামাল মোল্যা ও ফয়েজ আহমেদ। এছাড়া সহ–সাধারণ সম্পাদক হিসেবে মো. মুজাহিদুল ইসলাম ও মো. হানিফ শেখ সোহাগ, সাংগঠনিক সম্পাদক টুটুল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে রকিবুল ইসলাম মনোনীত হয়েছেন। কমিটির কার্যকরী সদস্যরা হলেন কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম, মো. আহাদ আলী, আবু বক্কর মোল্লা (মুহিদুল), খন্দকার ফশিয়ার রহমান ও আলম মোল্লা।
