জাতীয় ডেস্ক :
জয়পুরহাটে ফোর লেন প্রকল্প অনুমোদনের তিন বছর পর জানা গেল নকশাই ছিল ভুল। দীর্ঘ সময়েও কাজ না হওয়ায় তীব্র যানজটে নাকাল শহরবাসী।
তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, নতুন নকশার অনুমোদন পাওয়া গেলেই প্রকল্পের কাজ শুরু হবে।
জয়পুরহাট শহরের প্রধান সড়কে যানজটের দৃশ্য প্রতিদিনের। চার লেনের কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। সড়কে প্রতি মুহূর্তের চাপ থাকে যানবাহনের।
২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর এই প্রকল্পের উদ্বোধনের পর শুরু হয় সড়ক প্রশস্তকরণ। তখন সড়কের পাশের ভবনগুলোর একাংশ ভেঙে মেরামতের কাজ চলমান রেখেছে ভবন মালিকরা।
এসব ভবন সংস্কারের জন্য ইট ও বালু ফুটপাতে রাখায় হেঁটে চলাও দায় হয়ে পড়েছে পথচারীদের। এ অবস্থায় ফোর লেনের কাজ থেমে যাওয়ায় চরম ক্ষুব্ধ শহরবাসী।
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়ক ও সেতুমন্ত্রী এবং আমাদের জেলার হুইপের দৃষ্টি আকর্ষণ করছি, এ কাজটি অতি দ্রুত যেন সম্পন্ন করা হয়।’
নকশার ভুলে কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে শিগগিরই কাজ শুরুর আশা স্থানীয় সড়ক বিভাগের।
জয়পুরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দীক বলেন, ‘প্রকল্প রিভিশন করা হয়েছে। সংশোধিত রিভিউ বর্তমানে প্ল্যানিং কমিশনে আছে। আগামী এক মাসের মধ্যে যদি অনুমোদন পায়, তাহলে আমরা কাজ শুরু করতে পারব।’
একনেকে ২০১৭ সালে প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর দরপত্র আহ্বান করা হয়। পরে তিনটি প্যাকেজে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৭ সালে ও ২০১৮ সালে কার্যাদেশ দেয়া হয়। কার্যাদেশ দেয়ার দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি সংস্কারকাজ।
