হোম অর্থ ও বাণিজ্য চলতি বছর বাংলাদেশে প্রবৃদ্ধি হবে সাড়ে ৬ শতাংশ

বাণিজ্য ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি ২০২২ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ।

আইএমএফের ভবিষ্যদ্বাণী সত্যি হলে দক্ষিণ এশিয়ায় ভারতের পর এটিই হবে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি সম্পর্কে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আইএমএফের তথ্যমতে, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপিতে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে, যা ২০২৭ সালে বেড়ে ৬ দশমিক ৯ শতাংশ উঠতে পারে।

এদিকে বিশ্বব্যাংক বলেছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আর এডিবি দিয়েছে ৬ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস।

মূল্যস্ফীতির ব্যাপারে আইএমএফ বলেছে, বছরজুড়ে মূল্যস্ফীতি অব্যাহত থাকবে। পুরো বছরের গড় মূল্যস্ফীতি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। তবে আগামী ২০২৩ সালে তা কিছুটা কমে ৫ দশমিক ৯ শতাংশে নামতে পারে। অন্যদিকে সরকারি হিসাব বলছে, কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি ৬ শতাংশের আশপাশে রয়েছে।

আইএমএফ বলছে, চলতি ২০২২ সালে এই অঞ্চলে সর্বোচ্চ ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হবে ভারতের। অন্য দেশগুলোর মধ্যে ভুটানে ৪ দশমিক ৪, নেপালে ৪ দশমিক ১, পাকিস্তান ৪ ও শ্রীলঙ্কায় ২ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে মালদ্বীপের জিডিপি ২৪ শতাংশের বেশি সংকুচিত হতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন