জাতীয় ডেস্ক :
ঈদুল আজহার আগে ও পরের ১২ দিনে দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১৯৭ জন।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজপোর্টাল ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের ভিত্তিতে দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন আরও জানিয়েছে, নিহতের মধ্যে ৪৩ জন নারী ও ৫৮ শিশু রয়েছে। এ সময়ে ৯টি নৌ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬ জন। রেলপথে ১৪টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
