হোম রাজনীতি আত্মসমর্পণ করে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

আত্মসমর্পণ করে দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জে দায়ের করা পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক সুমন কুমার কর্মকার এই আদেশ দেন।

রোববার দুপুরেই মুফতি আমির হামজা তার আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত মামলা দুটিতে তাকে স্থায়ী জামিন প্রদানের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুফতি আমির হামজার আইনজীবী আবু তালেব এবং মামলার বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন কবির (কর্নেল)।

মুফতি আমির হামজার বিরুদ্ধে দায়ের করা মামলা দুটির মধ্যে প্রথমটি করেছিলেন আইনজীবী হুমায়ুন কবীর। গত ২ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় আদালত সমন জারি করলেও নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে তিনি আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

অপর মামলাটি দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম খান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে এই মামলাটি করা হয়। রোববার সিরাজগঞ্জ নিম্ন আদালতে হাজির হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই দুই মামলায় স্থায়ী জামিন লাভ করলেন মুফতি আমির হামজা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন