জাতীয় ডেস্ক :
ফরিদপুরের বোয়ালমারীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে রাসেল সিকদার (২১) নামে এক তরুণের বিরুদ্ধে।
রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই স্কুল ছাত্রীর নাম ফারিহা খানম (১১)। সে ওই গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। অভিযুক্ত রাসেল একই গ্রামের মানোয়ার সিকদারের ছেলে।
নিহত শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাসেল সিকদার ওই শিশুর বাবার দোকান থেকে ১৫০ টাকা বাকি করে। সন্ধ্যার পর তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ডেকে বাকি টাকা নিয়ে যেতে বলে। টাকা আনতে গেলে রাসেল তাকে শৌচাগারে নিয়ে ধর্ষণ শেষে গলা টিপে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর রাসেলদের শৌচাগার থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
