জাতীয় ডেস্ক :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় সকাল ৯ থেকে বিকাল ৩টা পর্যন্ত করার প্রস্তাব এসেছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসসূচি সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা পর্যন্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে।
বিষয়টি আলোচনার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘কেউ বলছে সকাল ৯টা থেকে বিকাল ৩টা বা ৪টা, তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে সিদ্ধান্তটা আমরা নেব। আমরা সব বিষয় বিশ্লেষণ করে সঠিক কাজটি করার চেষ্টা করব।
তিনি বলেন, অফিসের সময় কমানো হতে পারে। অথবা হতে পারে ‘ওয়ার্ক ফ্রম হোম’। অফিসে যতটুকু না করলেই না এমনভাবে বিদ্যুৎ ব্যবহার করার বিষয়টি চিন্তা করছি।
ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে। সপ্তাহখানেকের মধ্যে জানাবো। মানুষের কষ্ট যাতে না হয় সেটা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেব।
এর আগে, সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সোমবার থেকেই ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
