হোম খেলাধুলা জাপান ও কম্বোডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ!

খেলাধূলা ডেস্ক :

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে কম্বোডিয়া ও জাপান অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। তবে যুব দল নয় বরং দু’দেশের জাতীয় দলের সাথেই খেলার প্রস্তাব পাঠিয়েছে বাফুফে। জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এদিকে, ভারতে অনুষ্ঠেয় সাফ অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া ক্লাব পর্যায়ের ফুটবলারদের ছাড়পত্র দেয়ার কথাও জানান তিনি।

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চারটি দেশকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর -এই ৯ দিনের উইন্ডোতে বাংলাদেশ অন্তত দুটি ম্যাচ খেলতে কম্বোডিয়া,গুয়াম, চাইনিজ তাইপে ও লাওসকে প্রস্তাব দেয়।

এই চারটি দেশকে প্রস্তাব দিলেও, এখন পর্যন্ত ম্যাচ খেলতে রাজি হয়েছে কেবল কম্বোডিয়া। তবে দেশটি বিকল্প একটি প্রস্তাব দিয়েছে বাফুফেকে। জাপান অনূর্ধ্ব ২৩, বাংলাদেশ জাতীয় দল, কম্বোডিয়া অনূর্ধ্ব ২৩ দল নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায় কম্বোডিয়া।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘তারা চেষ্টা করছে, সেখানে জাপান অনূর্ধ্ব -২৩ দলকে তারা ইনভাইট করবে। বাংলাদেশকেও ইনভাইট করবে। আর কম্বোডিয়া তো রয়েছেই (অনূর্ধ্ব -২৩ দল), সো তারা আমাদের একটা ফরম্যাট জানিয়েছে, যেটা অনুযায়ী কম্বোডিয়া অনূর্ধ্ব -২৩ দল ও জাপান অনূর্ধ্ব -২৩ দল একটা ম্যাচ খেলবে। বাংলাদেশ জাতীয় দল ও কম্বোডিয়া জাতীয় দল একটা ম্যাচ খেলবে। উইনার দুই দল এরপর আরেকটা ম্যাচ খেলবে। লুজার দল দুটিও নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলবে।’

তবে বাফুফের ইচ্ছা আলাদা। সোহাগ আরও বলেন, ‘প্রধান ইচ্ছা হচ্ছে আমরা দুটি ম্যাচ খেলব যেকোন জাতীয় দলের সঙ্গে। সো এটা নিয়ে বাফুফের যে পরবর্তী অগ্রগতি, আমরা কম্বোডিয়াকে কাউন্টার প্রপোজাল দিয়েছি -কম্বোডিয়া জাতীয় দলের সঙ্গে দুটি ম্যাচ খেলতে চাই।’

এদিকে, বিপিএলের আরো তিনটি ম্যাচ বাকি থাকায় সাফ অনূর্ধ্ব ২০ এ খেলতে খেলোয়াড় ছাড় দিতে রাজি নয় মোহামেডান। তবে বাফুফের কথা চলছে বেশকয়েকটি ক্লাবের সঙ্গে।

সোহাগ এ বিষয়ে বলেন, ‘বসুন্ধরা কিংস শর্তসাপেক্ষে নিশ্চিত করেছে। আমাদের সাইফ স্পোর্টিং ক্লাবও নিশ্চিত করেছে। আমরা যা বুঝছি, মোহামেডানের যে দুই-তিনজন খেলোয়াড় রয়েছে আমরা তাদের পাব না। মোহামেডান ক্লাব থেকে আসলে আমাদের বারবার অনুরোধ করা হয়েছে যে, এই প্লেয়ারগুলোকে যেন বাফুফে অনুরোধ না করে।’

ফিফা উইন্ডোতে মঙ্গোলিয়া-কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশ নারী দলের প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার বিষয়টি নিয়ে কাজ করছে বাফুফে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন