আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এখনো অব্যাহত। এর মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ লাভের জন্য আবেদন করে ইউক্রেন। ইইউর সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কি না ইউক্রেন, এ বিষয়ে জোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ জানা যেতে পারে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরা।
১১ জুন আকস্মিক সফরে ইউক্রেনে যান ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। ইইউ-তে যোগদানের জন্য প্রার্থিতার মর্যাদা পাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইইউর এমন অবস্থানের কথা জানান উরসুলা ভন ডার লিয়েন।
এক টুইটবার্তায় ভন ডার লিয়েন বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেশটির পুনর্গঠন এবং ইইউর পথে ইউক্রেনের অগ্রগতির বিষয়ে যৌথভাবে প্রয়োজনীয় কাজ করব।’
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর উরসুলা ভন ডার লিয়েনের এটা দ্বিতীয় কিয়েভ সফর। বৈঠক শেষে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি (জেলেনস্কি) আইনের শাসন শক্তিশালী করার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু এখনো সংস্কারের প্রয়োজন রয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ আপনাদের (ইউক্রেনের) ইইউভুক্ত হওয়া প্রক্রিয়া শুরু করা না-করার বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।’
এর প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, পুরো ইউরোপকে নিশানা বানিয়েছে মস্কো। ইউক্রেন এ নিশানার প্রথম পর্যায় মাত্র। ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া শুরুর বিষয়ে ইইউর সদস্যদের ইতিবাচক মনোভাব ইউরোপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে এ পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের প্রায় ১০ হাজার সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।
সামাজিক মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হতাহতের বিশদ বিবরণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। যুদ্ধের প্রথম ১০০ দিনে অর্থাৎ গত ৩ জুন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন–এমন এক প্রশ্নের জবাবে এ বিবরণ দেন ওলেক্সি।
ইউক্রেন বলছে, তারা যুদ্ধে প্রতিদিন প্রায় ১০০ জন করে সেনা হারাচ্ছে। আহত হচ্ছে শতাধিক। তবে ওলেক্সি আরেস্তোভিচের দাবি, চলমান সংঘাতে রাশিয়ার ক্ষতির পরিমাণ ইউক্রেনের চেয়ে কয়েক গুণ বেশি। যুদ্ধে এ পর্যন্ত ৩০ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি তার। অন্যদিকে ব্রিটিশ গোয়েন্দাদের অনুমান, নিহত রুশ সেনার সংখ্যা ১৫ হাজারের বেশি।
