হোম জাতীয় কক্সবাজারে র‍্যাব পরিচয়ে ডাকাতি-অপহরণ, আটক ২ যুবক

জাতীয় ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের দায়ে দুই যুবককে আটক করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়। এদিন বিকেলে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

এ সময় র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, আটক সুমন মুন্সি এবং তার অপর দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থ্যাইংখালী রোড থেকে এক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে তার কাছ থেকে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ভুক্তভোগী তাদের ৪০ হাজার টাকা দিয়ে মুক্তি পায়। এ বিষয়টিও নজরে আসে র‍্যাবের। সামনে কোরবানির ঈদ কেন্দ্র করে র‍্যাব পরিচয়ে অপহরণসহ নানা অপরাধে তারা আবারও তৎপরতা চালাচ্ছে শুনে অভিযান চালানো হয়। পরে তারা র‍্যাব-১৫-এর সদস্যদের হাতে আটক হন।

তিনি বলেন, আটকের পর তাদের তল্লাশি করে দুটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, র‍্যাবের দুটি ভুয়া আইডি কার্ড, দুটি জ্যাকেট, একটি হাতকড়া, পিস্তলের দুটি কভার, দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আটক সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন