হোম অর্থ ও বাণিজ্য আইসিটি খাতে প্রশিক্ষণ পাবেন ১৬ হাজার ৩০০ শিক্ষক

বাণিজ্য ডেস্ক :

শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে আইসিটি এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে ১৬ হাজার ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষাখাতে এ তথ্য উল্লেখ করেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে আইসিটি এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ইনোভেশন টিম। ২০২১-২০২২ অর্থবছরে ১৬ হাজার ৪২০ শিক্ষকের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে ১৬ হাজার ৩০০ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষণ কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণের লক্ষ্যে টিচার্স পোর্টালে ইতোমধ্যে ৬২ হাজারের বেশি কনটেন্ট তৈরি করা হয়েছে। যার মাধ্যমে শিক্ষকগণ নিজেরাই কনটেন্টের বিষয়ে মানোন্নয়ন ঘটাতে পারছেন। অনলাইনে ভর্তি কার্যক্রম, নিবন্ধন, প্রতিষ্ঠান পরিবর্তন ও পরীক্ষার ফল প্রকাশের দ্বারা সংশ্লিষ্টদের হয়রানি লাঘব হয়েছে। সনদের ভুল সংশোধন, স্বীকৃতি নবায়ন ও প্রতিনিধি মনোনয়ন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।

তিনি বলেন, ২০১৮-২০১৯ অর্থবছর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অনুদান প্রদানের আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে। দেশের মোট ২০ হাজার ৪৯৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫ হাজার ৬৭৬টি এবং মোট চার হাজার ২৩৮টি কলেজের মধ্যে ৭০০টি কলেজে অনলাইন ক্লাস চালু হয়েছে।

এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যম (জুম, ম্যাসেঞ্জার, ফেসবুক গ্রুপ, ইউটিউব) ব্যবহারের মাধ্যমে ক্লাস রেকর্ডিং করে কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়ন এবং ইউটিউবে ভিডিও আপলোড করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে। কোভিড-১৯ এর সংক্রমণকালে তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সব অস্থিরতা, সংশয়, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সামনে রেখে উত্থাপিত হচ্ছে দেশের ৫১তম বাজেট, যা ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৩তম বাজেট।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন। বিকেল ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।

এর আগে দুপুর ১২টার কিছু পর জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন