হোম অর্থ ও বাণিজ্য বরাদ্দ বাড়ছে গবেষণায়

বাণিজ্য ডেস্ক :

২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় ৩ হাজার ৪৭৪ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব জানিয়ে বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, আগামী ২০২২-২০২৩ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি, যা বর্তমান ২০২১-২০২২ অর্থবছরে ছিল ৩৬ হাজার ৪৮৭ কোটি টাকা।

গবেষণা ও বিজ্ঞান শিক্ষায় গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, চলতি ২০২১-২০২২ অর্থবছরে ২২ হাজার ২২০ জন ছাত্র-ছাত্রী ও গবেষককে প্রায় ১৩৭ দশমিক ৭৬ কোটি টাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে ৬ হাজার ৩৬২টি গবেষণা প্রকল্পে প্রায় ১৮৯ দশমিক ১০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।

‘স্বাস্থ্য শিক্ষায় গবেষণার উদ্যোগ হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা, কুষ্টিয়া, যশোর, কক্সবাজার, গোপালগঞ্জ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস স্থাপন এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ময়মনসিংহ এবং আইএনএমপি, সাভারে সাইক্লোট্রন সুবিধাদিসহ পেট-সিটি স্ক্যান স্থাপন করা হবে।’

এ সময় জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন। বেলা ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।

এর আগে দুপুর ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন