হোম অর্থ ও বাণিজ্য সিরাজগঞ্জে মিষ্টির দোকানকে জরিমানা

বাণিজ্য ডেস্ক :

সিরাজগঞ্জে ৩টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে ও বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় তিনটি মিষ্টির দোকানে ফার্মেন্টড মিল্ক (দধি) পণ্যের সিএম লাইসেন্স না থাকায় বিএসটিআই আইনে জরিমানা করা হয়।

এ অভিযানে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজারের মেসার্স অকবরিয়া সুইট মিট মিষ্টির দোকান মালিককে ১০ হাজার টাকা, ইসলামিয়া সুইটসকে ৩ হাজার টাকা ও আল মদিনা সুইটসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও রাজশাহী বিএসটিআই অফিসের কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ফার্মেন্টড মিল্ক (দধি) পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রি ও বিতরণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে বিএসটিআই আইনে জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন