হোম জাতীয় ঢাকা কলেজে ঈদের ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রীর

জাতীয় ডেস্ক :

নির্ধারিত তারিখের একদিন আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, ঢাকা কলেজসহ সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল থেকে ঈদের ছুটি ঘোষণা থাকলেও আজ (১৯ এপ্রিল) থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঈদের ছুটি ঘোষণা করা হলো।

আগামী ৫ মে যথারীতি ঢাকা কলেজসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ডা. দীপু মনি।

এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে দায়ী করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, একইসঙ্গে ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও আগে ভূমিকা পালন করলে ঘটনা এতদূর গড়াত না।

পবিত্র রমজান চলছে জানিয়ে এমন পরিস্থিতিতে দুই পক্ষকে আরও সহনশীল ও ধৈর্য ধরার আহ্বান জানান ডা. দীপু মনি। এ ঘটনায় তিনি এবং তার মন্ত্রণালয় মনিটরিং করছে বলে জানান মন্ত্রী।

এর আগে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূর্বপরিকল্পনা অনুযায়ী একটি গোষ্ঠী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না।

তিনি আরও বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না। তখন আবারও নতুন নতুন পথ তৈরি করছে। এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এ সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন