বাণিজ্য ডেস্ক :
সপ্তাহের ব্যবধানে পিরোজপুরে বেড়েছে মাছের সরবরাহ। তাই দামেও বেশ সস্তা। প্রকারভেদে প্রতি কেজি মাছের দাম ৩০-১০০ টাকা পর্যন্ত কমেছে।
দেশের অন্যতম মৎস্য অবতরণকেন্দ্র পিরোজপুরের পাড়েরহাটে প্রতিদিনই মাছভর্তি ট্রলার ভেড়ে। এরপর মাছ আড়তে নেওয়া হয়। পরে হাঁকডাক আর দরদামে বিক্রি চলে।
এক সপ্তাহের ব্যবধানে আড়তে মাছের সরবরাহ বেড়েছে। সেই সঙ্গে দামও কমেছে। মাছের দাম প্রকারভেদে প্রতি কেজিতে ৩০-১০০ টাকা কমেছে। এতে ক্রেতারা সন্তুষ্ট হলেও দাম কম পাওয়ার অভিযোগ জেলে ও ব্যবসায়ীদের।
এ বিষয়ে তারা বলেন, আজ মাছের দাম একটু কম। আগে ৬০০-৬৫০ টাকা দরে বিক্রি হতো। এখন ১০০ টাকা কমেছে।
সাগরে মাছের সরবরাহের সঙ্গে ক্রেতাদের চাহিদাও বেড়েছে। তাই আড়ত থেকে মাছের জোগান দেওয়াও সহজ হয়েছে। মাছের দাম ক্রেতাদেরে ক্রয়ক্ষমতায় থাকার বিষয়ে মৎস্য আড়তদার নাসির সরদার বলেন, কেজিপ্রতি মাছের দাম ৫০-১০০ টাকা কমেছে। এদিকে মাছের চাহিদাও বাড়তি এবং দাম ক্রেতাদের হাতের নাগালে রয়েছে।
উল্লেখ্য, জেলার এ মৎস্য অবতরণকেন্দ্রে মৌসুমে প্রতিদিন ২০-২৫ লাখ টাকার মাছ কেনাবেচা হয়।
