খেলাধূলা ডেস্ক :
টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। স্বপ্নের সেই আসরে হায়দরাবাদের শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল মুস্তাফিজের। আসরজুড়ে বল হাতে ঝলক দেখিয়ে জিতে নিয়েছিলেন প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের তকমাও।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফিজকে। হায়দরাবাদের পর মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যাল ঘুরে সবশেষ থিতু হয়েছেন দিল্লি ক্যাপিটালসে। চলতি আসরে দুই কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে দিল্লি। তবে নিলামে দল পাওয়া নিয়ে মুস্তাফিজ জানালেন, আইপিএলের নিলামের সময়টায় তিনি আর সবার মতো টিভিতে চোখ রাখতে পারেননি। এমনকি দিল্লি যে তাকে কিনেছে, সেটাও শুনেছেন আরেকজনের মুখ থেকে।
দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। যেখানে নতুন দলে নাম লেখানো নিয়ে বাঁহাতি এ পেসার বলেন, অকশনের (নিলাম) ওই সময় আমি দেখিনি। বিপিএলে আমাদের খেলা চলছিল ওই সময়। আমাদের দল ব্যাটিং করছিল, আমি ডাকআউটে ছিলাম। তখন একজন আমাকে বলে যে, ফিজ তুই দিল্লি ক্যাপিটালসে। এর আগে ৩টি দলে খেলেছি, এবার নতুন আরেকটি দলে ভালো লাগছে।
এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানের পর আইপিএলে নিয়মিত খেলা দ্বিতীয় বাংলাদেশি এ বাঁহাতি পেসার পুরনো ঠিকানা বদলে এবার যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। নতুন দলে গিয়েই নিজের অপরিহার্যতা প্রমাণ করে দ্রুতই মধ্যমণি হয়ে উঠছেন ‘দ্য ফিজ’, যার প্রমাণ রেখেছেন প্রথম তিন ম্যাচেই দারুণ বোলিং করে। দলের কোচ রিকি পন্টিংও মুগ্ধ মুস্তাফিজে।
মুস্তাফিজ বলেন, এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভালো পারফর্ম করেন, ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছেন সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, এটা আমার মনে হয় খুবই ভালো।
এ মৌসুমে তিন ম্যাচ খেলেই মুস্তাফিজ জয় করে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটির কর্মকর্তা, কোচিং স্টাফসহ বাকিদের মন। নতুন ফ্রাঞ্চাইজিতে গেলেও নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না তাও জানিয়েছেন তিনি। দলে রয়েছে পুরনো সতীর্থ ডেভিড ওয়ার্নার ও চেতন সাকারিয়া। এ ছাড়া প্রতিপক্ষ হিসেবেও তো পেয়েছেন এদের অনেককেই। ভালো পারফরম্যান্স বজায় রেখে নিজেকে আরও শানিত ও ক্ষুরধার করতে চান এই বাঁহাতি। ভালোর তো আসলে শেষ নেই। সবসময় খেলতে নামলে আমি চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।
আইপিএলে এবার চার ম্যাচ খেলে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে দিল্লি। মুস্তাফিজ মনে করেন, তাদের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ তাই সামনে ভালো কিছুই হবে। দেশবাসীর কাছে তিনি দোয়া ও দিল্লির জন্য সমর্থন চান, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরো ভালো খেলা যেন আমরা উপহার দিতে পারি। আমরা দুটি জিতেছি এবং দুটি হেরেছি। আমাদের ভারসম্য খুবই ভালো। ব্যাটিং বলেন আর বোলিং বলেন, ভালো খেলোয়াড় আমাদের দলে আছে। আমাদের খুব একটা ভারসম্যপূর্ণ দল।
