জাতীয় ডেস্ক :
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন লালখান বাজারের ইস্পাহানি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক আলী হোসেনকে (৪৯) আটক করেছে র্যাব-৭।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১১ এপ্রিল) সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি জানানো হয়।
৬ এপ্রিল বিকেল ৫টায় প্রকৌশলী ইকবাল উদ্দীন চৌধুরী (৪৬) ও তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সখিনা ফাতেমী (৩৫) মোটরসাইকেলে সার্জিস্কোপ হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে আসছিলেন। কোতোয়ালি থানাধীন লালখান বাজার ইস্পাহানি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার সময় রাস্তায় অন্য গাড়ির সঙ্গে যানজটের কারণে নিচে দাঁড়ায় মোটরসাইকেলটি।
এ সময় ম্যাক্স কনস্ট্রাকশনের নম্বরবিহীন ট্রাক নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গাড়ি চালিয়ে মোটরসাইকেলে থাকা দম্পতিকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকচালক মো. আলী হোসেন দ্রুত পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব-৭। মো. আলী জামালপুর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় আত্মগোপনে আছে–এমন তথ্য পাওয়ার পর অভিযান চালায় র্যাব। পরে ৯ এপ্রিল তাকে আটক করা হয়।
র্যাব জানায়, ঘাতক চালক আলী হোসেন দীর্ঘ এগারো বছর ধরে ম্যাক্সের কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে আসছে। ২০২১ সালের এপ্রিল মাসে দামপাড়া ওয়াসা মোড়স্থ ম্যাক্স কনস্ট্রাকশনের প্রজেক্টের কাজে যোগদান করে।
