হোম আন্তর্জাতিক ‘স্ট্যান্ড উইথ ইউক্রেন, ব্যালে ফর পিস’

আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের সহায়তার জন্য ইতালিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্ট্যান্ড উইথ ইউক্রেন, ব্যালে ফর পিস’ নামে ব্যতিক্রমী এক নাচের অনুষ্ঠান।

এ আয়োজন থেকে পাওয়া অর্থের পুরোটা দেওয়া হবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষের সহায়তায়। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ জন আন্তর্জাতিক নৃত্যশিল্পী নিয়েছেন ব্যতিক্রমী এ উদ্যোগ। এতে পাঁচজন রুশ এবং নয়জন ইউক্রেনীয় নৃত্যশিল্পী অংশ নেন।

নীলচে আলোর নিচে সুনিপুণ নাচের মুদ্রা। চোখজুড়ানোর সঙ্গে সঙ্গে জুড়িয়ে যাবে মনও। দৃশ্যটি ইতালির নেপলস শহরের ‘সান কার্লো থিয়েটারের’।

স্থানীয় সময় সোমবার রাতে রুশ-ইউক্রেনের মাঝে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬ জন নৃত্যশিল্পী অংশ নেন ব্যতিক্রমী এ আয়োজনে। কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থের পুরোটাই চলে যাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয়দের সাহায্যে।

মঞ্চে পারফর্ম করার সময় দেখে বোঝার উপায় নেই কে ইউক্রেনের আর কে রাশিয়ার শিল্পী। হলভর্তি দর্শক আর প্রতিটা ব্যালে নাচ পরিবেশনের পর জোরে করতালি জানান দেয় ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থনের।

একজন বলেন, ‘আমি মনে করি, সংকটের এই সময়টিতে দুই দেশের নৃত্যশিল্পীদের একত্রে পারফর্ম করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুই দেশের মাঝে অতি দ্রুতই শান্তি প্রতিষ্ঠা করা দরকার যার জন্য আজ আমরা একত্রিত হয়েছি।’

আরেকজন বলেন, ‘আমার জীবনটা পুরোপুরি বদলে গেছে। আমি এর অগে কখনোই ইতালিতে আসিনি। পৃথিবীর বিখ্যাত সব ব্যালে শিল্পীর সঙ্গে নাচে অংশ নিয়েছি, এটি সত্যিই আমার জন্য সৌভাগ্যের।’

তবে, সন্ধ্যার এই অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে একদল বিক্ষোভকারী থিয়েটারের বাইরে রুশ শিল্পীদের অংশগ্রহণের নিন্দা জানায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত পোস্ট

মতামত দিন