জাতীয় ডেস্ক :
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুইজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা আনুমানিক ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে নিয়মিত টহলকালে বিমানবন্দর সংশ্লিষ্ট এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন (১৫) ও মো. আমিন (১৪) নামের দুইজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হলে তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে এয়ারপোর্ট আর্মড পুলিশের টহল দল। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে দু’জনকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। সাদ্দামের বাবার নাম মো. সেলিম এবং মো. আমিনের বাবার নাম সালাম বলে জানা যায়। তারা দুজনই টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরও জানিয়েছে, একজনের কাছে এই ইয়াবা হস্তান্তর করার জন্য বিমানবন্দরে অবস্থান করছিলেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
