হোম আন্তর্জাতিক উ. কোরিয়ার ছোড়া নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র পড়ল ‘জাপানের জলসীমায়’

আন্তর্জাতিক ডেস্ক :

আবারও নিষিদ্ধ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা। ক্ষেপণাস্ত্রটিকে তারা ইন্টারকন্টিনেন্টাল তথা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) বলে সন্দেহ করছেন। সত্যি হলে প্রায় ৫ বছর পর এটাই হবে পিয়ংইয়ংয়ের প্রথম আইসিবিএম পরীক্ষা।

সর্বশেষ ২০১৭ সালে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়া থেকে একটি ‘অপরিচিত প্রজেক্টাইল’ ছোড়া হয়েছে। এটি সম্ভবত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)।

জাপান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, এটা আইসিবিএম পরীক্ষা হতে পারে। দেশটির কর্মকর্তারা বলছেন, ওই ক্ষেপণাস্ত্র ৭১ মিনিট ধরে উড়ে এগারশ’ কিলোমিটার দূরে জাপানের জলসীমায় এসে পড়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া নিজের প্রতিশ্রুতিরই লংঘন করেছেন কিম জং উন।’ মুন আরও বলেন, ‘এই উৎক্ষেপণ পুরো কোরীয় উপদ্বীপের জন্য ভয়ংকর হুমকি তৈরি করেছে।’

এদিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের স্পষ্ট লংঘন’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘এই ধরনের কর্মকাণ্ড উত্তেজনা বাড়াচ্ছে ও কোরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে।’

উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি রেখেছে জাতিসংঘ। এছাড়া পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি।

চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এছাড়াও দেশটি গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। সর্বশেষ চলতি মাসের ১৬ তারিখে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় যা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন