হোম খেলাধুলা প্রথম দিনটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পাকিস্তান

খেলাধূলা ডেস্ক :

দারুণ এক দিন কাটল পাকিস্তানের। ২৪ বছর পর নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৫ রান, উইকেট পড়েছে মাত্র একটি। শতক হাঁকিয়ে ক্রিজে থিতু হয়ে খেলছেন ইমাম উল হক।

রাওয়ালপিন্ডিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন আশফাক ও ইমাম। ওপেনিং জুটিতে পাকিস্তানের দুই ব্যাটসম্যান করেন ১০৫ রান। অর্ধশতকের মাত্র ৬ রান আগে আশফাক সাঁজঘরে ফিরলেও ক্রিজে থিতু হয়ে খেলতে থাকেন ইমাম।

প্রথম ও দ্বিতীয় সেশনে ধীরেসুস্থে খেলার পর তৃতীয় সেশনে শতক হাঁকান বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৩ চার ও ২ ছক্কার মারে শতক করতে তিনি খেলেন ২০০ বল।

এদিকে অর্ধশতক পেয়েছেন আজহার আলি। দিন শেষে আজহার ও ইমাম দুই জনই অপরাজিত আছেন যথাক্রমে ৬৪ ও ১৩২ রানে।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে তেমন ধার ছিল না। দিনের একমাত্র উইকেটটি পেয়েছেন অজি স্পিনার নাথান লায়ন। পাকিস্তানের উইকেট তুলতে স্মিথ, লাবুশানেও বোলিং করেছেন। তবে সাফল্য পান নি।

এদিকে টেস্ট ক্রিকেটে সময়টাও দুর্দান্ত যাচ্ছে পাকিস্তানের। গত ৮ টেস্টের ৭টিতেই জিতেছে বাবর আজমরা। আছে ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা। অজিদের তাই ছেড়ে কথা বলবে না পাকিস্তান।

ঐতিহাসিক এই টেস্টে বাগড়া বাধাতে পারে বৃষ্টি। ম্যাচের আগের দিন যার জন্য অনুশীলন করতে পারেনি কোনো দলই। সম্ভাবনা ম্যাচের তৃতীয় দিন থেকে বৃষ্টি হওয়ার। তবে রাওয়ালপিন্ডির উইকেট দেখে নিশ্চয়ই খুশি হবেন ব্যাটাররা। ফ্ল্যাট উইকেটে হবে রান উৎসব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন